বিকল্প বিরোধ নিষ্পত্তিতে প্রযুক্তিকে নতুন সুযোগ হিসেবে দেখছেন আইনমন্ত্রী
বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া সহজতর ও সময় সাশ্রয়ী করতে ফোন কনফারেন্স ও ইন্টারনেট সমর্থিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশিত এডিআর অনুশীলনের পরামর্শ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বাণিজ্যিক বিরোধ নিরসন কল্পে দেশের বিদ্যমান আইন সমূহে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে প্রযুক্তিকে নতুন সুযোগ হিসেবে দেখছেন আইনমন্ত্রী।
শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এভাবেই নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি।
আইনমন্ত্রী বলেন, কোভিড-১৯ থেকে উদ্ভূত অস্বাভাবিক পরিস্থিতিতে ডিজিটাল মাধ্যমে বিচার প্রক্রিয়া পরিচালনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনির্দিষ্ট নির্দেশে সরকার “আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০” প্রণয়ন করেছে।
তিনি আরো বলেন, আমাদের বিচার বিভাগ ইতিমধ্যেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনা শুরু করেছে, যদিও ভার্চুয়াল এডিআর প্রবর্তনের বিষয়ে আমাদের অনেক দূর যেতে হবে। দেশের সকল আদালতে বিচারাধীন থাকা ৩৬ লক্ষ মামলার প্রেক্ষাপটে এডিআরকে এগিয়ে নিযে যাওয়া আমাদের অবশ্য করণীয়। ফোন কনফারেন্স ও ইন্টারনেট সমর্থিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশিত এডিআর অনুশীলন করা যেতে পারে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিয়াক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এ. (রুমি) আলী ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি মো: রেজাউল হাসান, বিয়াক বোর্ডের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমান এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো: মইনুল কবির।